রাজধানীর রামপুরা এলাকায় তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. নাজমুল ইসলাম (৪৬) নিহত হয়েছেন। নিহত নাজমুল ইসলাম প্রভিটা গ্রুপের ডেপুটি ম্যানেজার ছিলেন। এ ঘটনায় লরিটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আটক করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে রামপুরা ব্রিজ ইউলুপের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহকর্মী ইকবাল হোসেন জানান, সকালে বনশ্রীর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে গুলশান-২ নম্বরে অফিসে যাচ্ছিলেন নাজমুল ইসলাম। পথে দ্রুতগতির একটি তেলের লরি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন
পরে রামপুরা ট্রাফিক পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ইকবাল হোসেন আরও জানান, দুর্ঘটনার পরপরই রামপুরা ট্রাফিক পুলিশ লরিটি জব্দ করে এবং চালককে আটক করে থানায় হস্তান্তর করে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহত নাজমুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।