দুর্নীতি দমন কমিশনে (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদাহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী, তার স্ত্রী নাজমা বেগম ও দুই সন্তান সামিয়া শবনম ও রাইহা শবনম মিয়াজীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের পক্ষে উপপরিচালক রেজাউল করিম নিষেধাজ্ঞা আবেদন করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদাহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধামে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখল করে যশোর জেলার চাঁচরা ইউনিয়নে ৪০০ বিঘা জমির ওপর পার্ক নিমার্ণের অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন স্থানে শতশত বিঘা জমি দখলেরও অভিযোগ রয়েছে। এছাড়া তার নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও পাওয়া গেছে। তার বিরুদ্ধে এসব অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র জানা যায়—অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।