পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ৬ সেপ্টেম্বর

আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

রবিবার (২৪ আগস্ট) দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য যাছাই করে দেখা যায়— রবিবার ২৯ সফর ১৪৪৭ হিজরি ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

তাই সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৬ আগস্ট থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন করা হয় এবং এ সংক্রান্ত ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।