১০ মাস বয়সী শিশুকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়ায় অপহরণকারী আব্দুল মতিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। একই সঙ্গে থানায় অভিযোগ করার ১৫ ঘণ্টার মধ্যে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) র্যাব-৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অপহরণকারী মো. আব্দুল মতিন ও ভিকটিমের পরিবার প্রায় ৯ থেকে ১০ মাস ধরে ঢাকা জেলার সাভার থানাধীন তেঁতুলঝড়া এলাকায় একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। গত ২৮ আগস্ট দুপুরে অপহরণকারী মো. আব্দুল মতিন ভিকটিমের পরিবারের অবর্তমানে ১০ মাস বয়সী শিশু মো. ইব্রাহিমকে তাদের বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তী সময়ে অপহরণকারী মোবাইলের মাধ্যমে ইব্রাহিমের বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। অপহরণের অভিযোগে সাভার থানায় মামলা দায়ের করলে র্যাব৪ অনুসন্ধান শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি অভিযানিক দল বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে অপহরণ হওয়া মো. ইব্রাহিমকে এবং আব্দুল মতিনকে(৪১) গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।