ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার।

রবিবার (৩১ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এই দুটি বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। মুসলিম উম্মাহর কল্যাণ, ইসলাম ধর্মীয় শিক্ষা ও দক্ষিণ এশীয় দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে এ দুটি দেশ একত্রে কাজ করতে পারে। তবে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সৌহার্দ্যের ভিত্তিতেই এসব বিষয়কে এগিয়ে নিতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বৃহৎ মাদ্রাসাগুলোতে এ দেশের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলে তারা উচ্চশিক্ষার সুযোগ পাবে। কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ফিকহ, উসূলে ফিকহ, আকিদা, আখলাক, তথ্য-প্রযুক্তি প্রভৃতি বিষয়ে এ দেশের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হলে এ দেশের মাদ্রাসা শিক্ষার্থীরা উপকৃত হবে। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক দৃঢ় ও শক্তিশালী হবে।

এর আগে উপদেষ্টা পাকিস্তানের নতুন হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান।

এ সময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক উপস্থিত ছিলেন।