ভিপি প্রার্থী জালালের আইনজীবী অনুপস্থিত, জামিন আবেদন নামঞ্জুর

হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের জামিন শুনানিতে তার আইনজীবী অনুপস্থিত থাকায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) জালালের জামিন আবেদন করেন তার আইনজীবী রফিকুল ইসলাম হিমেল। ‘পর্যাপ্ত প্রস্তুতি’ না থাকার কথা বলে আদালতের কাছে সময় চান। আদালত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।

মঙ্গলবার মামলাটির জামিন শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। তবে জালালের আইনজীবী শুনানির সময় আদালতে উপস্থিত হননি। পরে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে গত বুধবার (২৭ আগস্ট) শাহবাগ থানায় জালালের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম।

মামলায় বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল রাত ১২টার দিকে নিজের কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে জালাল ঘরে ঢুকে বৈদ্যুতিক লাইট জ্বালান এবং চেয়ার টানা হেঁচড়া করে ‘বিকট’ শব্দ করতে শুরু করেন।

তাতে রবিউলের ঘুম ভেঙে যায়। তিনি জালালকে বলেন, “ভাই সকালে আমি লাইব্রেরিতে যাবো, আপনি একটু আস্তে শব্দ করেন।”

জালাল তাতে ক্ষিপ্ত হয়ে রবিউলের সঙ্গে তর্ক শুরু করেন এবং এক পর্যায়ে রবিউলকে ‘হত্যা করার উদ্দেশ্যে’ কাঠের চেয়ার দিয়ে মাথা লক্ষ্য করে বাড়ি মারেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, রবিউল তার হাত দিয়ে কাঠের চেয়ারের আঘাত প্রতিহত করলেও চেয়ারের কাঠের আঘাত তার কপালে জখম হয়।

পরে জালাল ওই রুমের ভেতর থাকা পুরনো টিউব লাইট দিয়ে রবিউলকে ‘হত্যার উদ্দেশ্যে’ তার মাথা লক্ষ্য করে আঘাত করেন। রবিউল মাথা সরিয়ে নিলেও তার বুকের বাঁ পাশে আঘাত লাগে এবং টিউব লাইট ভেঙে কাটা জখম হয়। জালাল তখন ভাঙা ও ধারালো টিউব লাইট দিয়ে রবিউলকে আঘাত করলে তিনি বাঁ হাত দিয়ে প্রতিহত করেন। তাতে হাতে কাটা জখম হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।