জুলাই আন্দোলনের সময় গুলশানে ইমরান নামে এক ব্যক্তি নিহতের মামলায় ১৫নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকার ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
গ্রেফতারের পর মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মাজহারুল ইসলাম স্বপ্না আক্তারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। স্বপ্নার পক্ষে তার আইনজীবী ওমর ফারুক জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। মূল নথি পাওয়ার পর জামিন শুনানি হবে জানিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণী অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করা হয়। এ ঘটনায় আহত ইমরানকে রক্তাক্ত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গত এপ্রিলে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।