রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সাব্বির আহমেদ (২৬) নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ও মিরপাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাব্বির সকালে কাভার্ড ভ্যানে সুতা নিয়ে নবাইবাগের দিকে যাচ্ছিলেন। পথে অছিম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিস ও ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের দরজা কেটে সাব্বিরকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় দুপুর ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মো. রনি আহমেদ বলেন, “সাব্বির পেশায় কাভার্ড ভ্যানচালক ছিল। সকালে সে ডেমরা থেকে মালামাল নিয়ে যাচ্ছিল। পথে বাসের সঙ্গে সংঘর্ষে মারাত্মক আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে বাঁচানো যায়নি।”
ডেমরা থানার এএসআই রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অছিম পরিবহনের বাস জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।”
সাব্বির আহমেদ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার জিকরা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি রাজধানীর ডেমরার আতিক মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন, আর তার পরিবার গ্রামের বাড়িতে বসবাস করেন।