ভুয়া কাগজপত্র জমা দিয়ে থাইল্যান্ডের ভিসার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার থাই দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। ভুয়া কাগজ দিয়ে ভিসার জন্য আবেদন করলে, তা প্রত্যাখ্যান বা বাতিল করা হবে বলে জানিয়েছে থাই দূতাবাস ।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেক্ট্রনিক ভিসা আবেদনকারীদের ভুয়া কাগজপত্রের মাধ্যমে আবেদন না করার জন্য সতর্ক করা হচ্ছে। ভুয়া কিংবা সন্দেহজনক যেকোনও আবেদন প্রত্যাখান অথবা বাতিল করা হবে।
প্রত্যাখ্যান বা বাতিল এড়াতে www.thaievisa.go.th এর মাধ্যমে ব্যক্তিগতভাবে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তাদের মতে, এতে করে অসাধু এজেন্সিগুলো মাধ্যমে সরবরাহ করা ভুয়া নথির ঝুঁকি হ্রাস হবে।
এছাড়া ভিসার আবেদনের সঙ্গে সরাসরি হোটেল কিংবা সুপরিচিত প্ল্যাটফর্ম কর্তৃক নিশ্চিত করা বুকিং ব্যবহার করুন। একইসঙ্গে ব্যাংক কর্মকর্তাদের সইযুক্ত এবং জারি করা ব্যাংক নথি জমা দিতে অনুরোধ করা হয়েছে। থাই হাসপাতাল বা তাদের অফিশিয়াল প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলছে দূতাবাস।
এছাড়া যেসব অতিরিক্তি কাগজপত্র যেমন- বৈধ ট্রেড লাইসেন্স, মূল বিবাহ সনদ, ব্যবসায়ের স্পন্সরশিপ চিঠি এগুলো যেন হালনাগাদ এবং আসল হয়।
দূতাবাস ভিসা প্রক্রিয়ার অখণ্ডতা রক্ষায় এবং সব আবেদনকারীর জন্য ন্যায্য আচরণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে থাই দূতাবাস।