জুলাই আন্দোলনের মামলায় ভার্চুয়ালি হাজিরা দিলেন ৯ আসামি

বৈষম্যবিরোধী আন্দোলনের পৃথক ৪ থানার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন ঢাকার একটি আদালত। হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন আদালতে উপস্থিত থেকে এই হাজিরা কার্যক্রম তদারকি করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আসামিদের কারাগার থেকে হাজিরা নেন।

ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায়  সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম, পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান

তাদের মধ্য ৩ জন কাশিমপুর কারাগার, ৩ জন বিশেষ কেন্দ্রীয় কারাগার, ৩ জন কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।

রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, মিরপুর, হাতিরঝিল থানার বিভিন্ন মামলায় আজ এসব আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল৷ আদালত ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ঢাকার সিএমএম আদালতে ভার্চুয়ালি হাজির গ্রহণ করা হচ্ছে। আজ হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারক আকরাম হোসেন উপস্থিত থেকে তদারকি করেছেন। ভার্চুয়ালি হাজিরা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এভাবে দেশের সকল আদালতে ভার্চুয়াল হাজিরা নেয়া উচিত। অর্থ, সময় উভয়ের সাশ্রয় হবে। নিরাপত্তাহীনতার সমস্যা থাকবে না। আসামিদের ভোগান্তি লাঘব করা যাবে।’