অনাবিল পরিবহনে নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অনাবিল পরিবহনের একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে বাসের চালক ও হেলপারকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার উদ্দেশ্যে দুই নারী যাত্রী অনাবিল বাসে ওঠেন। নামার সময় ব্যাগ খুঁজে না পেয়ে তারা বাসের চালক ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাসের স্টাফরা ওই নারীকে শ্লীলতাহানি ও মারধর করেন।

পরে অন্যান্য যাত্রী ও স্থানীয়রা চালক ও হেলপারকে ধরে মারধর করে আটক রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়ে রামপুরা ব্রিজের ওপর থেকে চালক ও হেলপারকে আটক করেছি। ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘স্থানীয়রা বাসের চালক ও হেলপারকে ঘিরে ফেলে মব সৃষ্টি করার চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’