বনশ্রীতে লরির ধাক্কায় প্রতিবন্ধী স্কুলশিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বনশ্রীর ফরাজি হাসপাতালে সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে লরির ধাক্কায় ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরাফ আদতাহী।

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

শিশুটির খালু আবু জাফর জানিয়েছেন, তাদের বাসা বনশ্রী জি ব্লকে। সকালে বাসার গৃহকর্মী শিশুটিকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। ফরাজি হাসপাতালের সামনে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হয় আরাফ। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

আরাফ আদতাহী রামপুরা বনশ্রী জি ব্লকে পরিবারের সঙ্গে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট। তার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবুরহাট গ্রামে।