ঢাকায় ভুটানের চতুর্থ রাজার ৭০তম জন্মবার্ষিকী উদযাপন

রাজধানী ঢাকায় ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ঢাকায় ভুটান দূতাবাসের চ্যান্সেরিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজার কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করে মাখন প্রদীপ, ঝাবতেন ও ময়েনলাম নিবেদন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত নৈশভোজে ২৫০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সরকারের প্রতিনিধি, কূটনৈতিক কর্পসের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী এবং ঢাকায় বসবাসরত ও কর্মরত ভুটানি নাগরিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

অনুষ্ঠানে ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের জীবন ও অবদান নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও ভুটানের সংস্কৃতির সৌহার্দ্য তুলে ধরে দুই দেশের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।