আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেফতার

রাজধানীর আদাবর এলাকার শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বরস্থ মাসুমের গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, ‘আদাবর এলাকার অটোরিকশা ছিনতাই চক্রের মূল হোতা রুবেল। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’

পুলিশ জানায়, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ নানা অপরাধে সম্প্রতি নিজস্ব বাহিনী গড়ে তুলেছে রুবেল। তারা নিরীহ ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের অস্ত্রের মুখে মারধর করে রিকশা ছিনিয়ে নিতো। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।