আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা নিয়ে কর্মশালা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা নিয়ে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কর্মশালায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ‘নির্বাচন পরিচালনা-২ অধিশাখা’র উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ৩ ডিসেম্বর (বুধবার) এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করেছে। এই কর্মশালায় প্রধান উপদেষ্টা অনলাইন ভিডিও প্লাটফর্মের মাধ্যমে যুক্ত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ।

আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সকল অধিদফতর/সংস্থার প্রধানরাসহ মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠেয় এই কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।