রাজধানীর রহমতগঞ্জের একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে ৪টা ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও ৩টি ইউনিট। পলাশী, হাজারীবাগ ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুনরে কারণ জানা যায়নি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।
এর আগে সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ৬ তলা আবাসিক ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, মোহাম্মদপুরে একটি ৬ তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।