বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: রিজওয়ানা

বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প দেশের ব্র্যান্ডিং ও পরিচিতি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক। এ সুনাম ধরে রাখতে গার্মেন্টস শিল্পকে পরিবেশবান্ধব উৎপাদন, শ্রম-অধিকার সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১ ডিসেম্বর) পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, শ্রম আইন প্রতিপালন, নিরাপদ কর্মপরিবেশ, পানি ব্যবস্থাপনায় দক্ষতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা এখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্ত। পানির অপচয় কমিয়ে রিসাইক্লিংয়ে যেতে হবে। শিল্পবর্জ্য নদী-নালা দূষিত করলে তা দেশের পরিবেশ ও শিল্প— উভয়ের জন্যই হুমকি। কেউ এই বিধান ভঙ্গ করলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব কারখানা সার্টিফাইডের অধিকারী, যা খাতটিকে টেকসই উন্নয়নের মানদণ্ডে উপনীত করেছে। দেশের সরকারি ভবনগুলোকে গ্রিন বিল্ডিংয়ে রূপান্তর করার মতো উদ্যোগে শিল্পখাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিবেশ উপদেষ্টা ইউরোপ ও যুক্তরাজ্যের পরিবেশগত নীতিমালা— বিশেষত প্লাস্টিক প্যাকেজিং ও সরবরাহ ব্যবস্থার মানদণ্ড— মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বিশ্ববাজার দ্রুত পরিবর্তন হচ্ছে। গার্মেন্টস শিল্প এখনই প্রস্তুত না হলে প্রতিযোগিতায় এগিয়ে থাকা কঠিন হবে।’

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম সহ সংগঠনের নেতারা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।