২০১৫ সালে ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেলকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব কামাল উদ্দীন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।
বিএম মোজাম্মেলের আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
ইতোমধ্যে রাজনৈতিক কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন বিএম মোজাম্মেল হক।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া আদালতকে বলেন, ‘তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা। হয়রানি করার জন্য মামলাটি করা হয়েছে। ২০১৫ সালের ঘটনার মামলা হয়েছে ২৪ সালে। উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, কোনও মামলায় সময়ের দেরি হলে, এটাতে সন্দেহ রয়েছে। এ মামলার বাদী ও আসামি একই দলের। একই এলাকার। পদ না দেওয়ার কারণে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে।’
এই আইনজীবী আরও বলেন, ‘বিএম মোজাম্মেল হক ৩০ বছর ধরে আওয়ামী লীগের নেতা। ঢাকা শহরে কোনও ফ্ল্যাট-প্লট কিছুই নেই। কোনও আমলেই তার বিরুদ্ধে কোনও দুর্নীতি নেই। তিনি ৬৮ বছর বয়সী। অসুস্থ। জামিন মঞ্জুরের জন্য আবেদন করছি।’
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী ব্যবসায়ী খলিলুর রহমান মামলার অভিযোগে বলেন, ২০১৫ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক ভিকটিম খলিলুর রহমানকে আওয়ামী ও ছাত্রলীগের পালিত লোকজনদের দিয়ে ধানমন্ডির অফিসে ডেকে নেন। এবং নির্বাচনি খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা দাবি করেন। এই টাকা পরিশোধের জন্য ভিকটিম খলিলুর রহমানকে তিন দিনের সময় দেন, অন্যথায় তাকে গুম করার হুমকি দেন। পরবর্তী নির্বাচনে নিজ এলাকা শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়।
এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে বিএম মোজাম্মেল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।