জুলাই রেবেলস সদস্যের ওপর হামলা: গ্রেফতার ২

জুলাই রেবেলস নামের একটি সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা হলেন মাসুম ও ফাহিম খান।

রবিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “শনিবার (সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় দুর্বৃত্তরা মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে তাকে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।”

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ওসি মোর্শেদ আরও বলেন, “হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় রবিবার ভোরে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তিনি জানান, “মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে এবং এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।”