ধ্বংসস্তূপে পরিণত প্রথম আলোর ভবন পরিদর্শন করলেন আইজিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় জাতীয় এই পত্রিকার কার্যালয়। এরই প্রেক্ষিতে এই পত্রিকার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এই ভবন পরিদর্শন করেন তিনি। 

পরিদর্শনকালে পুলিশের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা ক্ষতিগ্রস্ত ভবনের আশেপাশে ঘুরে দেখেন। দায়িত্বরত অফিসার থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন। তবে এই ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করা হলেও তিনি কোন উত্তর দেননি।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির দ্বারা গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।