দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ডুজার বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের অফিসে হামলা এবং একজন প্রবীণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। সংগঠনটি মনে করছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংবাদমাধ্যমের কণ্ঠরোধের পরিকল্পিত চেষ্টা।
ডুজার বিজ্ঞপ্তিতে বলেছে, সংবাদপত্রের অফিস কখনোই হামলার লক্ষ্যবস্তু হতে পারে না এবং সাংবাদিক ও সম্পাদকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সমালোচনামূলক সাংবাদিকতা বন্ধ করার চেষ্টা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
বিবৃতিতে ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, “যারা কলমের শক্তিকে ভয় পায়, তারাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য প্রকাশ থামানো যাবে না।”
সংগঠনটি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। একই সঙ্গে সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।