‘যশোরে হত্যার শিকার রানা চরমপন্থি রাজনীতির সঙ্গে জড়িত’

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক বরফকল ব্যবসায়ীকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। তার হত্যাকাণ্ডের সঙ্গে কোনও ধরণের ধর্মীয় ও সাংবাদিকতার সম্পর্ক নেই। বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। পুলিশের বরাতে তিনি বলেন, “চরমপন্থি রাজনীতির পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড করা হয়েছে।”

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

ফয়েজ আহম্মদ বলেন, “ঘটনাটির পরবর্তীতে সেটাকে সাংবাদিক হত্যা ও তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে বিভিন্ন জায়গায় এক ধরণের অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, যিনি খুন হয়েছেন তিনি একটি হত্যা মামলার আসামি, আওয়ামী লীগের একজন নেতা। উনি আসলে দীর্ঘদিন ধরে চরমপন্থি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।”

তিনি আরও বলেন, “আগে থেকেই ওই অঞ্চলে চরমপন্থি রাজনীতির একটা বিষয় আছে। তাদের নিজেদের মধ্যেই একাধিক দলাদলি রয়েছে। রানার ঘটনায় ধর্মীয় ও সাংবাদিকতার কোনও সম্পর্ক নেই। চরমপন্থি রাজনীতি ও পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে যারা জড়িত তাদেরকে ধরার জন্য এবং যাবতীয় তদন্ত ইতোমধ্যে পুলিশ শুরু করেছে।”

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারি প্রেস সচিব বলেন, “তিনি বলেছেন, এখনো বিভিন্ন জায়গায় নির্বাচন হবে কি না, এই ধরণের বক্তব্য শোনা যায়। নির্বাচন কমিশন ও সরকারের দুর্বলতা রয়েছে কি না তিনি সেটা খতিয়ে দেখতে বলেছেন। উনারা যেই পার্টিকুলার ইস্যুতে নির্বাচন কমিশনে গিয়েছেন সেটা হচ্ছে, বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর যখন আপিলে শুনানি হবে তখন কমিশন যেন কারো প্রতি কোনও ধরণের রাগ-অনুরাগ-বিরাগ না হয়ে কাজ করে, সেই অনুরোধ তারা জানিয়েছে। নির্বাচন কমিশন ইটসেলফ এই দায়িত্ব পালন করে, সরকারও এ বিষয়ে নজর রাখছে। প্রার্থীকে দেখা হবে তার ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে, এর বাহিরে উনি কত হেভিওয়েট ক্যান্ডিডেট, কোন দলের ক্যান্ডিডেট এগুলো দেখার দায়িত্ব কমিশন বা কারো নয়। এখানে সবাই ন্যায় বিচার পাবেন।