ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান ওবায়দুল করিম এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এমডিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে ঋণ সুবিধা দেওয়া ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করা হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, “আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে ঋণ সুবিধা দিয়ে প্রায় ৫০৭ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।”
অনুসন্ধানের বরাতে দুদকের এই কর্মকর্তা জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকিং আইন ও বিধি লঙ্ঘন করে প্রয়োজনীয় জামানত ছাড়াই ঋণ অনুমোদন দিয়েছেন। এছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রার ঋণ ডমেস্টিক ইউনিটে রূপান্তর, শ্রেণিকরণযোগ্য ঋণ পরিশোধের নামে নতুন ঋণ সৃষ্টি এবং অযৌক্তিকভাবে সাত বছর মেয়াদ বাড়িয়ে দিয়ে অবৈধ সুবিধা দিয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।