শব্দদূষণে জরিমানা কর‍তে পারবে পুলিশ

শব্দদূষণ বিধিমালা লঙ্ঘন করলে জরিমানা আরোপ করতে পারবেন পুলিশ কর্মকর্তারা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি বলা হয়।

বিবরণীতে বলা হয়, অতিমাত্রায় শব্দদূষণের ফলে মানুষের বহুমাত্রিক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। উচ্চমাত্রার শব্দের জেরে হাসপাতালের রোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ট্রাফিক পুলিশ, রিকশা বা গাড়ির চালক, পথচারী ও রাস্তার পাশে বসবাসকারী মানুষ অধিক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দূষণ সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এতে আরও বলা হয়, গত ২৪ নভেম্বর সরকার শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ গেজেট আকারে জারি করা করে। শব্দদূষণ বিধিমালা-২০২৫ এর বিধি-৬ এ যানবাহনের হর্ন সংক্রান্ত বিধিনিষেধ রয়েছে। বিধি-৬ (২) অনুসারে কোনো ব্যক্তি মোটরযান বা নৌযানে অননুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন ও ব্যবহার করতে পারবে না। বিধি-৬(৩) অনুসারে নীরব এলাকায় এবং বিধি-৬(৪) অনুসারে আবাসিক এলাকায় রাতে হর্ন বাজানো যাবে না। উক্ত বিধিমালার বিধি-২০ অনুসারে যদি কোনো ব্যক্তি বিধি-৬ (২) (৩) (৪) এর অধীন কোনো অপরাধ সংঘটন করে তাহলে পুলিশ কর্মকর্তা জরিমানা আরোপ করতে পারবে।