‘অর্থ আত্মসাৎ এবং হত্যার হুমকি’ মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের আদালত এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার এ তথ্য জানান।
তিনি বলেন, আজ জবাব দাখিলের দিন ধার্য ছিল। এ জন্য সকালে মেহজাবীন চৌধুরী ও তার ভাই আদালতে হাজির হন। এই মামলায় বাদীও উপস্থিত ছিলেন। আমরা মেহজাবীনের পক্ষে জবাব দাখিল করি। উভয় পক্ষে শুনানি শেষে আদালত এ মামলা থেকে তাদের অব্যাহতির আদেশ দেন।
গত ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মসমর্পণ করে জামিন পান মেহজাবীন ও আলিশান চৌধুরী। ওইদিন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়ার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
অভিযোগ থেকে জানা গেছে, মেহজাবীনের সঙ্গে বাদীর পরিচয় দীর্ঘদিনের। সেই সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে তাকে রাখবেন বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী টাকা ফেরত চান। তারা আজ-কাল বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন। গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন।
আরও বলা হয়, ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরও অজ্ঞাত চার-পাঁচ জন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা বলেন, এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলবো। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।