পে-স্কেল নিয়ে বৃহস্পতিবার ফের বসছে কমিশন

সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে নবম জাতীয় পে-স্কেল নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফের সভায় বসতে যাচ্ছে পে-কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা শুরু হবে।

সভায় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। কমিশনের সদস্যরা একমত পোষণ করলে এ বিষয়গুলো সভায় চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

সভায় সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন ছাড়াও গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে।

সূত্র জানিয়েছে, কমিশন তাদের প্রতিবেদনে বাজারের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করবে। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্কই ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হবে বলে জানা গেছে।