কেরানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো ট্রাক, শ্রমিক নিহত

কেরানীগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আরমান (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে কেরানীগঞ্জ ঝিলমিল প্রজেক্টের পাশে ঢালু রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরমানের গ্রামের বাড়ি চাঁপাইনবয়াবগঞ্জে।

হাসপাতালে নিয়ে আসা মৃতের সহকর্মী মিঠু জানান, ট্রাকটি নয়াবাজার এলাকার। পাঁচ জন শ্রমিক ট্রাক নিয়ে কেরানীগঞ্জ একটি কাটুনের গোডাউন থেকে মালামাল আনতে যান। রাত ৩টার দিকে ঝিলমিল প্রজেক্ট এলাকায় ঢালু রাস্তায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সবাই কম-বেশি আহত হন। গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুই শ্রমিককে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।