ঢাকার সাভারের আলোচিত সেই সিরিয়াল কিলার মশিউর রহমান খান ওরফে সম্রাট দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে আসামির জবানবন্দি রেকর্ড করা হয়।
সংশ্লিষ্ট সাভার জিআরও শাখার পুলিশ পরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আসামিকে আদালতে হাজির করে সাভার থানা পুলিশ। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
সংশ্লিষ্ট সিজিএম কোর্ট ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, আসামি সন্ধ্যা থেকে রাত ৯টা ৫০ পর্যন্ত দীর্ঘ জবানবন্দিতে মোট ছয়টি খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
এর আগে গতকাল রবিবার বিকালে থানার সামনে থেকে সম্রাটকে আটক করে সাভার থানা পুলিশ। পরে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক কিশোরীসহ দু’জনের পোড়া লাশ উদ্ধারের ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়।
সাভারে একের পর এক রহস্যজনক হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত কয়েক মাসে সাভার মডেল থানা ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় সিরিয়াল কিলার সম্রাট জড়িত বলে দাবি করছে পুলিশ।