সম্পদবিবরণী দাখিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ চার্জশিট দেওয়া হয়।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, অভিযুক্তদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা আইনানুগ নির্দেশনা অনুসরণ করেননি। এ কারণে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
তিনি বলেন, দুদকের অনুসন্ধানে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যায়। এ অবস্থায় দুদক আইন অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন। সময় বাড়ানো হলেও বর্ধিত সময়ের মধ্যেও তারা সম্পদ বিবরণী দাখিল করেননি। এতে করে দুদক আইন, ২০০৪–এর ২৬(২) ধারায় অপরাধ করেছেন বলে অভিযোগ আনা হয়।
আকতারুল ইসলাম আরও জানান, অনুসন্ধানকালে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব এবং ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।