২৮ জানুয়ারি আনসার-ভিডিপির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তাদের আগামী ২৮ জানুয়ারি প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মো.আতিয়ার রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্রে দায়িত্বে নিয়োজিত থাকেন। এই জন্য তাদের আইনশৃঙ্খলা ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন। মাঠ পর্যায়ে যাতে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় সে জন্য নির্বাচনি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রয়োজন।

এতে আরও বলা হয়, আগামী ২৮ জানুয়ারি নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকাল ৯টা থেকে শুরু হবে প্রশিক্ষণ। দিনব্যাপী চলা এই প্রশিক্ষণে প্রতি বিভাগ থেকে একজন উপমহাপরিচালক/পরিচালক (রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সকল) এবং জেলা কমান্ড্যান্ট (সকল) যাতে যথাসময়ে প্রশিক্ষণে অংশ নেন সে বিষয়ে সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগকে অনুরোধ জানাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন ব্যবস্থাপনা শাখাকে বলা হয়েছে।