জাল সনদে চাকরি

তিন বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

জাল সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) ভুয়া তথ্য ও জাল স্নাতক সনদ দাখিলের মাধ্যমে তারা সরকারি চাকরি নিয়েছে, এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে সাংবাদিকদের এই তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

অভিযুক্তরা হলেন, ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর-০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।

আক্তার হোসেন বলেন, “ওই তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্নাতক সনদ জালিয়াতির অভিযোগ ছিল। পিএসসির নিজস্ব তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। ওই তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই দুদক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “অভিযুক্তরা জাল স্নাতক সনদ তৈরি করে বিসিএসে আবেদন করেন। পরবর্তীতে সনদ যাচাই-বাছাই করে দেখা যায়, আবেদনকালে দাখিল করা সনদগুলো ভুয়া ছিল। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। শিগগিরই অভিযুক্ত তিন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হবে।”