৪১তম বিসিএসের ১৪ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের নির্দেশ

৪১তম বিসিএসের ১৪ জন সহকারী প্রকৌশলীকে (সিভিল) নন-ক্যাডার (নবম গ্রেড ) পদে ৬০ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৮ জানুয়ারি) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাঈম সরদার, ব্যারিস্টার সোলায়মান তুষার ও আশরাফুল করিম সাগর। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম আহমেদ বুলবুল।

জানা গেছে, ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ (নবম গ্রেড) সহকারী প্রকৌশলী (পুর) পদে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে ১৭০টি নন-ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর রিট আবেদন করা হয়। সেদিন মো. নয়ন হাসানসহ ৭ জন আবেদনকারী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রিট দায়ের করেন। পরবর্তী সময়ে আরও ৭ জন পিটিশনার রিটে সংযুক্ত হন।‌ রিটকারীরা হলেন— নয়ন হাসান, এ এফ এম মহিউদ্দিন আলমগীর, অরিন্দম সাহা, আতিকুর রহমান, মো. তানজির হোসেন, সম্রাট বিশ্বাস, মাইশা তাহসিন, খলিলুর রহমান, হাফিজুর রহমান, আফিমা সুলতানা, অনির্বাণ সরকার, দেবাশীষ সরকার, আব্দুল আউয়াল ও আরিফুল ইসলাম।

ওই রিটের শুনানি শেষে ২০২৪ সালের ১৪ জানুয়ারি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ ১৭০টি পদে কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে এ রুল জারি করেছিলেন।