৫ দিনের পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অধিদফতর

গত কয়েক দিন ধরে সারাদেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমেছে। তবে, সন্ধ্যার পর এবং সকালবেলায় কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। এছাড়া নদী তীরবর্তী এলাকাগুলো ছাড়া কুয়াশাও তেমন পড়ছে না। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদফতর বলছে, সারাদেশের আবহাওয়ায় আগামী কয়েকদিন উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

এমতাবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একই ধরনের আবহাওয়া আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে বলে পূর্ভাবাসে জানানো হয়েছে।

এদিকে, গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সময়ে সারাদেশে কোথাও বৃষ্টিপাত হয়নি। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে কক্সবাজারের টেকনাফে। সেখানে ৩২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা সিলেটের শ্রীমঙ্গলে ৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।