বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আসামিদের হাজির করতে আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন। এছাড়া ফরমাল চার্জাশিট আমলে নেওয়ার প্রার্থনা করেন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
পরে তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে পুলিশ কর্মকর্তাদের নিয়ে তিনজন আন্দোলনকারীকে গুলি চালিয়ে হত্যা করান তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা। এর মধ্যে খুব কাছে গিয়ে এক জুলাই যোদ্ধার মাথায়-বুকে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করেন এক এসআই। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাসহ ৯ জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলাম আমরা। অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।