ডিএমপিতে একমাসে ৩২৯২ ফৌজদারি ও ১৪৪২ ট্রাফিক মামলা নিষ্পত্তি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত গত জানুয়ারি মাসে ৩২৯২টি ফৌজদারি ও ১৪৪২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৫৬১০ জনের মধ্যে ৩৪১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  ডিএমপি এ তথ্য জানিয়েছে।

আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক গণমাধ্যমকে জানান, ডিএমপির গত জানুয়ারি মাসে মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৫৬১০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২৯২টি মামলা নিষ্পত্তি করে। তাদেরকে ১৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩৪১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অপরদিকে ডিএমপির গত জানুয়ারি মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক মতিঝিল ট্রাফিক বিভাগে ১৯৫৩টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ৩৮৩টি সহ ১৪৪২টি মামলা নিষ্পত্তি করে ও ৬ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।