হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

রাজধানীর ওয়ারী থানার হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির চাপায় আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ এ তথ্য জানান।

নিহতের গ্রামের বাড়ি শরিয়তপুর। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে গেন্ডারিয়া স্বামীবা‌গের নবম লেনে থাকতেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই মো. আব্দুস সামাদ বলেন, আব্দুল মজিদ মানুসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যেই এমন বেরিয়ে যেতেন, বাসায় যেতে পারতেন না। আজও তিনি ভোরের দিকে নামাজের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। প‌রে হানিফ ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির চাপায় মারা যান। আশপাশের লোকজন তা‌কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।   

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।