ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখগুলোতে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই অনুরোধ করেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।
ওই পোস্টে তিনি লেখেন, “আমাদের পূর্বঘোষিত এক ঘণ্টা সময় শেষ হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের তরফ থেকে কোনও আশ্বাস আমরা পাইনি। জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিতে বাংলাদেশের ছাত্র-জনতাকে যমুনার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।’
হাদি হত্যার বিচারের দাবিতে আজ বিকালে যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চ ও তার পরিবারের সদস্যরা। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে সেখানে অবস্থান নেন তারা।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমাদের শেষ কথা, শহিদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবদি আমাদের মেরে ফেলা হলেও আমরা একচুলও আমাদের অবস্থান থেকে সরবো না।”