জাতীয় নিরাপত্তা ও স্বার্থ বিপন্ন করে বিদেশের সঙ্গে কোনও চুক্তি না করার দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দাবি করা হয়।
অন্তর্বর্তী সরকার নিজেদের শেষ সময়ে তড়িঘড়ি করে বিদেশি রাষ্ট্রের সঙ্গে একগুচ্ছ চুক্তি সম্পাদন করতে চলেছে কেন এমন প্রশ্ন ছুঁড়ে দেন
জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়ক ফয়জুল হাকিম। তিনি বলেন, “৬ ফেব্রুয়ারি জাপানের সঙ্গে এবং ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সরকার একগুচ্ছ চুক্তি সম্পাদন করতে চলেছে। জনগণের অসম্মতিতে, জনগণকে অন্ধকারে রেখে এই চুক্তি সম্পাদন জনগণ মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে। ঢাকার অদূরে পানগাও বন্দর সুইজারল্যান্ডের মেডলগ এসএ কোম্পানিকে ২২ বছর ও চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়া বন্দর ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে ৩৩ বছরের ইজারার চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে।”
ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের রাজনৈতিক তৎপরতা বন্ধের দাবি তুলে তিনি বলেন, “ঢাকায় এসেই রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিএনপি, জামাতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। তার কি এখতিয়ার আছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার।”