রাজধানীর শ্যামপুরে ঢাকা মেস এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মো. আবুল বাশার (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের সহকর্মী আলামিন জানান, কাশেম রি-রোলিং মিলে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন আবুল বাশার। রাতে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা প্রাইভেটকারটিকে আটক করেছে।
নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর মতলব উত্তর। তিনি কর্মস্থলের পাশেই থাকতেন।