মোহাম্মদপুরে দিনদুপুরে তরুণকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুরে দ্বীন ইসলাম (১৭) নামের এক তরুণকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামি মো. আলিফ মৃধা (১৯) ও ২ নম্বর আসামি মো. মিরাজ (১৮)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে তাজমহল রোড ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজ শেষে দ্বীন ইসলাম ও তার বন্ধু শান্ত বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় আলিফ ও মিরাজসহ কয়েকজন অজ্ঞাতনামা এক কিশোরকে সামুরাই নিয়ে তাড়া করছিলেন। পথে দ্বীন ইসলামের সঙ্গে আলিফের ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আসামিরা দ্বীন ইসলামকে এলোপাতাড়ি মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন।

রক্তাক্ত অবস্থায় দ্বীন ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে লাথি-ঘুষি মেরে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তাজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

র‍্যাব-২-এর কর্মকর্তা মো. সামসুল ইসলাম জানান, ঘটনার পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। শনিবার বিশেষ অভিযান চালিয়ে আলিফ ও মিরাজকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।