১১টি বিদেশি পিস্তল ও ৩৯৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মেহেদী হাসান দিপু ওরফে বিপুর পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সুমন মিয়া আসামি বিপুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, বিপুর এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। বিপুসহ অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় দীর্ঘদিন যাবত গোপনে বাড্ডা-ভাটারা থানা এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিল। আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। অজ্ঞাতনামা আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে উল্টা-পাল্টা তথ্য প্রদান করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিপু। আসামি অত্যন্ত চতুর প্রকৃতির। মামলাটি তদন্তাধীন। জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র সংরক্ষণ, কিংবা অন্য কোথাও বিক্রি করেছে কিনা? আগ্নেয়াস্ত্র কোন কোন সন্ত্রাসীদের নিকট বিক্রি করেছে? কোন কোন সন্ত্রাসীদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশে নিজের অস্ত্রগুলো হেফাজতে রেখেছে। কোনও বড় ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সংঘটন এবং কাউকে হত্যা করার উদ্দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রেখেছে কিনা? মামলার অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করার জন্য তার সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাড্ডা থানার মধ্যবাড্ডা বেপারী পাড়া এলাকার একটি বাসা থেকে বিপুকে ১১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করে সেনাবাহিনীর একটি অভিযান টিম। এ ঘটনায় বাড্ডা থানার এসআই মো. হাসানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।