উত্তরায় র‍্যাবের ভুয়া পোশাক ও অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার 

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি এবং র‍্যাবের ভুয়া পোশাক ও সরঞ্জামাদিসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন— মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল (৫০), মিজানুর রহমান ওরফে নিরব ওরফে মিজু আহমেদ (৩৭) ও মো. রেজাউল করিম (৩৪)। 

উত্তরা পূর্ব থানা সূত্র জানায়, সোমবার রাতে যৌথ বাহিনী ও থানা পুলিশ আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদ আসে যে, ৬ নম্বর সেক্টরে কতিপয় ব্যক্তি র‍্যাবের ভুয়া পোশাক পরে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে ওই এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। 

তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, একটি ডামি পিস্তল, অ্যান্টেনা যুক্ত ব্যাটারিসহ ওয়াকিটকি সেট, দুই জোড়া হ্যান্ডকাফ, ৪টি র‍্যাবের জ্যাকেট, ২টি র‍্যাবের ভুয়া আইডি কার্ড, ২টি পিস্তলের কাভার, ১টি রিফ্লেক্টিং জ্যাকেট, ১টি স্টিলের হাতুড়ি ৩ টি মোবাইল ফোন, নগদ ২৬৭০ টাকা এবং কাগজে তৈরি ২টি ভুয়া গাড়ির নাম্বার প্লেট উদ্ধার করা হয়। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত জালাল উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮টি এবং মিজানুর রহমানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হয়েছে।