নির্বাচনি মাঠে তৎপর আনসার বাহিনী, মাঠে ১১৯১ স্ট্রাইকিং টিম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে জরুরি মুহূর্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ হাজার ১৯১টি সশস্ত্র টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনসার বাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরবচ্ছিন্ন ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলায় দুটি করে এবং প্রতিটি জেলায় একটি করে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে।

এসব টিমের কার্যক্রম আনসার ভিডিপি জেলা কার্যালয়, রেঞ্জ কার্যালয় এবং সদর দফতরের কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিকভাবে নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থাপনাকে আধুনিক ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। এই ব্যবস্থার অংশ হিসেবে ‘নির্বাচনি সুরক্ষা অ্যাপে’ প্রতিটি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিমের একজন করে সদস্য রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন; যা দ্রুত প্রতিক্রিয়া, তথ্য আদান-প্রদান এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করছে।

আনসার ভিডিপি সদর দফতর সূত্রে জানা গেছে, নির্বাচনি দায়িত্বের তিনটি ধাপ— নির্বাচন-পূর্ব, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময় আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিমের সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন। নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত যেকোনও অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা অপশক্তির অপচেষ্টা প্রতিহত করতে তারা সর্বদা প্রস্তুত থাকবে।

সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।