নির্বাচনকালীন যেকোনও নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করার জন্য সদস্যদের নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনি ক্যাম্প পরিদর্শনের সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের এমন নির্দেশনা দেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প ও গাজীপুরের টঙ্গীতে স্থাপিত বিজিবির নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শন করেন আশরাফুজ্জামান। ওই সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা সরেজমিনে পর্যালোচনা করেন। একইসঙ্গে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আইনশৃঙ্খলা রক্ষায় কোনও ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে সদস্যদেরকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। সদস্যদের ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।