স্বৈরাচার বিরোধী দিবসের ৪৬তম বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ (১৯৮২–১৯৯০)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষা অধিকার চত্বরে সংগঠনটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আশির দশকে সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ–বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এই কর্মসূচি পালন করা হয়।
সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফয়জুল হাকিমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা নাসিরুদ্দিন এলান, কাইয়ুম হোসেন, কামরুজ্জামান ফিরোজ, সাজ্জাদ সুমন, ইশরাত জাহানসহ ২০২৪ সালের জুলাই আন্দোলনে ভূমিকা রাখা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, সাধারণ সম্পাদক সৌরভ রায়, মো. বুরহান, অনন্ত সরকার অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন।
ফয়জুল হাকিম বলেন, “১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারির ছাত্র আন্দোলন সামরিক শাসন অবসান ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে সংগ্রামের এক ঐতিহাসিক দৃষ্টান্ত, যা আজও ছাত্র আন্দোলনের অনুপ্রেরণা।”
তিনি অভিযোগ করেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরও দেশে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতন হলেও দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়নি এবং জনগণের হাতে প্রকৃত ক্ষমতা যায়নি।”