জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের তদন্ত কর্মকর্তা ও উপসহকারী পরিচালক জাকির হোসেন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। পারস্পরিক যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে তাদের নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। অবৈধ উৎসের অর্থ বা সম্পত্তি গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় এ মামলা করা হয়েছে। বর্তমানে জেলহাজতে থাকা নুরুজ্জামানকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জানুয়ারি রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলিতে তার ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে তাকে অন্য এক মামলায় গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।