প্রতিবেদন আবারও পেছালো

সালমান শাহ হত্যার বিচার দাবিতে আদালতে ভক্তদের অবস্থান

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদনের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এদিকে সালমান শাহ হত্যার দ্রুত বিচার দাবিতে আদালত প্রঙ্গণে অবস্থান নেন ভক্তরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত আলী এ তথ্য জানান।

আদালতে অবস্থান নেওয়া সালমান শাহর ভক্তরা দ্রুত বিচারের দাবি জানান। নতুন সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দ্রুত বিচারের দাবি জানিয়ে তারা বলেন, সালমান শাহ হত্যার বিচার দ্রুত করতে হবে। অনেক সময় চলে গেছে। এটা নিয়ে আর দেরি সহ্য করবো না।

গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি।