আসামির পরিবারের কাছে এক কোটি টাকা চেয়ে অডিও ফাঁসেরর ঘটনায় প্রসিকিউটরদের সতর্ক করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আমিনুল ইসলাম বলেন, ‘‘আমার দায়িত্ব পালনকালে কোনও প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এসব ইস্যুতে জিরো টলারেন্স থাকবে।’’
এর আগে গত ৯ মার্চ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। যেখানে তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাসের কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চান। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
বিভিন্ন সূত্র জানায়, অডিওটি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের— যেখানে ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রেজওয়ান ইউসুফের কাছে এই টাকা দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন ফজলে করিম চৌধুরী।