রাজধানীর তুরাগের কামারপাড়ার বামনারটেক এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ এনায়েত আলী (৩০) নামের আরও এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই নিয়ে গত ৬ মার্চের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়াল।
উল্লেখ্য, গত ৬ মার্চ ভোরে তুরাগের ওই বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ মোট ১০ জন দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ৮ জন রোগী এখনও আইসিইউ এবং অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।