খিলক্ষেতে হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীর খিলক্ষেতে একটি হোটেলের নিচ তলায় আগুন লেগে চার জন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মোহাম্মদ মনসুর আলী (৩২), মো. আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও মো. আব্দুল জলিল (৬৭)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধ‌দের বাহক ও সহকর্মী মো. ইমরান জানান, সকালের দিকে হোটেলের নিচ তলায় এসির কাজ করার সময় শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে চার জন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও পালআস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তারা সবাই ওই হোটেলের স্টাফ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, খিলক্ষেতের একটি হোটেলে আগুন লাগার ঘটনায় দগ্ধ চার জন এখানে এসেছেন। তাদের মধ্যে মনসুরের শরীরের ২১ শতাংশ, আব্দুল মতিনের ৫ শতাংশ, মোহাম্মদ মাহিরের ৫ শতাংশ ও আব্দুল জলিলের শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে। তিন জন অবজারভেশন রয়েছেন।